সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

পবিত্র শবে বরাত আজ

সাভার ডেস্ক

 

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পবিত্র শবেবরাত। হিজরি সনের ১৪ শাবান রাত লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনি। মহান আল্লাহ রব্বুল আলামিন এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এ রাতে মানুষের জন্ম-মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়।

তাই মুসলিম বিশ্বে পবিত্র এ রাতটি সৌভাগ্য রজনি হিসেবে পালিত হয়ে থাকে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও মহান আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টিলাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করে থাকেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত। ’

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ-দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শবেবরাত শব্দটি ফারসি থেকে বাংলায় এসেছে। ফারসিতে শব অর্থ রাত। বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে ‘লাইলাতুল মুবারাকা’। হাদিস শরিফে রাতটিকে ‘লাইলাতুল নিসফে শাবান’ বা শাবান মাসের অর্ধাংশের দিবাগত রাত হিসেবে উল্লেখ করা হয়েছে।তাই বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ১৪ শাবান দিবাগত রাতটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। হাদিসের বর্ণনামতে মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহলাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন।

অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। পাশাপাশি পিতা-মাতার কবরসহ বিভিন্ন বুজুর্গের মাজার জিয়ারত করবেন। আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। শবেবরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের মসজিদে মসজিদে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে।
পবিত্র শবেবরাত উপলক্ষে অনেকে আত্মীয় ও প্রতিবেশীর হক আদায়ের মানসে বাড়িতে হালুয়া-রুটিসহ উপাদেয় খাবার তৈরি এবং আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করবেন। এ ছাড়া পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে নিয়ে আসে পবিত্র রমজানের আগমনি বার্তাও। শাবান মাসের ১৪ দিন পরই আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাতেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031