| | |

পশুর হাট ও ঈদযাত্রায় বাড়তি নজরদারি

নাজমুল হুদা

রাজধানী সংলগ্ন বিভিন্ন পশুর হাটে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১০। একই সঙ্গে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১০ এর সদস্যরা। এ সময় হাটের সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপও সরেজমিনে দেখা হয়।

র‌্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, চাঁদাবাজি, জাল টাকা লেনদেন, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-১০। হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

র‌্যাব-১০ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানও পরিচালনা করা হচ্ছে।

হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ র‌্যাব সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ করতে যাত্রীদের বাসের ছাদ, ট্রাক, পিকআপ বা অন্যান্য পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে র‌্যাব। পাশাপাশি লঞ্চ, স্টিমার ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী হয়ে যাতায়াত থেকে বিরত থাকতে বলা হয়েছে। ট্রেনযাত্রীদের ট্রেনের ছাদ, বাফার, পাদানি ও ইঞ্জিনে ভ্রমণ না করার আহ্বানও জানানো হয়।

এছাড়া অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দিয়ে র‌্যাব জানায়, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ