সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, পলাতক ছাত্রলীগ নেতা ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের অর্থায়নে ওই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের মো. ফিরোজ মিয়া, নড়াইলের মো. রিয়াদ, পটুয়াখালীর মো. সোয়াদ, কিশোরগঞ্জের মো. মাসুম, গাইবান্ধার মো. জিন্নাত, ঠাকুরগাঁওয়ের ইসমাইল হোসেন, শরীয়তপুরের মো. তামিম সিকদার ও সাভারের মো. সাকিন ইসলাম।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং কয়েকজন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।









