সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার সুষ্ঠু বিচার এবং আমিনবাজারকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয়রা গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে আমিনবাজারের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ, আমিনবাজার পুলিশ ক্যাম্পের কিছু সদস্য ও স্থানীয় প্রভাবশালী মহলের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে এলাকায় মাদক কেনাবেচা চলছে।
স্থানীয় বাসিন্দা ইমন মাহমুদ পান্না বলেন, ‘মাদক ব্যবসায়ীরা কিছু অসাধু পুলিশের সহযোগিতায় বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় কিছু সুবিধাবাদী লোকও টাকার বিনিময়ে তাদের মদদ দিচ্ছে। কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলেও পরে ছাড়া পেয়ে যান। আলতাব হোসেন হত্যার পর আমিনবাজারের মানুষ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছে।’
মো. আলী হোসেন দুলাল বলেন, ‘মাদক নির্মূলের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু দিনের বেলায় সেতুর নিচে, আন্ডারপাসের সামনে এবং প্রকাশ্যে গাড়িচালক ও হেলপারদের কাছে গাঁজা ও অন্যান্য মাদক বিক্রি হচ্ছে। আমিনবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ব্যবস্থা নিচ্ছেন না। যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরিয়ে দিতে হবে।’
মানববন্ধন থেকে এসআই আলতাব হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং আমিনবাজারে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানানো হয়।









