সাভারে র্যাবের পরিচয় দিয়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন সকালে হেমায়েতপুরের আইএফআইসি ব্যাংক থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে ২৬ লাখ টাকা উত্তোলন করেন আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক। টাকা নিয়ে হেমায়েতপুরে সাভারমুখী সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা চার ব্যক্তি তার পথরোধ করেন।
অভিযোগ রয়েছে, তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ইসরাফিলকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করেন। পরে তার কাছে থাকা ২৬ লাখ টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেজাউল করিম অজ্ঞাত চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।









