আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অনিচ্ছার বিষয়টি সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে এ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে একাধিকবার ই-মেইল যোগাযোগ হয়। পাশাপাশি একটি ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিরাপত্তাজনিত কারণে বরাবরের মতোই ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে বাংলাদেশ।
বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ তথ্য অবহিত করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমিনুল ইসলাম সাহেব আমাকে জানিয়েছেন যে আইসিসির একটি টিম আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে। তবে আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে আগ্রহী এবং সেটি শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষেই অবস্থান করছি। আমাদের বিশ্বাস, সেখানে ম্যাচ আয়োজন করা সম্ভব।’










