জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু যোগ দিয়েছেন বিএনপিতে। তার সঙ্গে কয়েকটি হল সংসদের প্রতিনিধিও ছাত্রদলে যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদানের ঘোষণা দেন জিতু। এ সময় সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।
সেখানে এক সংবাদ সম্মেলনে আবদুর রশিদ জিতু বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে এমন রাজনৈতিক শক্তির সঙ্গে ভবিষ্যতে রাজনীতি করব বলে আগেই জানিয়েছিলাম।’
অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এখানে আজকে যারা বিএনপি ও ছাত্রদলে যোগদান করেছেন তাদের সবার একটা পরিচয় হচ্ছে, আমরা সবাই জুলাই যোদ্ধা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসুর নেতাদের বিএনপি ও ছাত্রদলে যোগদানের ঘটনা অবশ্যই ছাত্রদলকে উজ্জ্বীবিত করবে।
এ সময় নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জি এম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলামও ছাত্রদলে যোগ দেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়- শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মো. মাসুদ রানা, এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডলও ছাত্রদলে যোগ দিয়েছেন।
তবে তারা এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।










