বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘চারপাশে সুপ্ত আকাংখায় গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে’ মন্তব্য করে দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (০২ নভেম্বর) রাতে দলীয় এক অনুষ্ঠানে শিগগির দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে মনোনয়ন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে; বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।’
‘মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাংখা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওৎ পেতে রয়েছে। সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি, বিবাদ, বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যেকার বিরোধের সুযোগ নিতে পারে।’
রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্য্ক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে পেমেন্ট গেটওয়ের কাজ শুরুর উদ্বোধন করেন।
নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রতি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী, আপনারা যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন…আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী, খালেদা জিয়ার সৈনিক, বিএনপির কর্মী, ধানের শীষের সমর্থক। মনে রাখবেন, ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন। বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র।’
তিনি বলেন, ‘নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয়, দেশ এবং জনগণের জন্য মাদার অব ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয় আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না। সারাদেশে বিএনপির লাখো- কোটি সমর্থক বিব্রত হয় আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না।’










