রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে একটি খানকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর স্থানীয় জনতা ও মুসল্লিরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পুরো খানকাটি গুঁড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মাজারের ভক্তরা উপস্থিত ছিলেন না। ফলে কেউ হতাহত হয়নি, তবে পুরো খানকা ভাঙচুর করা হয়েছে।
খানকার অন্যতম সদস্য আজিজুল ইসলামের জামাতা বুলবুল ইসলাম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তিন দিনের ওয়াজ মাহফিল, তবারক বিতরণ ও ওরশ শরীফের আয়োজন করা হয়েছিল। তিনি দাবি করেন, আহলে হাদিস সংগঠনের অনুসারীরাই হামলা চালিয়েছে।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, খানকার নামে সেখানে মাদকের হাট বসত এবং নানা অনৈসলামিক কার্যকলাপ হতো। এজন্যই তারা মাজারটি ভেঙে দিয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, “স্থানীয় জনতা খানকা ভেঙে দিয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”










