সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ বলছে, ডাকাতরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন–সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় ঘটনাটি ঘটে।
ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকার সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলে রাখা একটি গাছের কারণে গাড়ির গতি কমে যায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে গাড়ির গতিরোধের চেষ্টা করে। চালক গাড়ি না থামিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা গাড়িতে হামলা চালায়। এতে প্রাইভেটকারটির জানালার কাচ ভেঙে যায়।
ঘটনার বিষয়ে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকতে দেখে পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। পুলিশ উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের পিছু ধাওয়া করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ ভিডিওটি দেখেছে। তবে ঘটনাটি সড়কের ঠিক কোন স্থানে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার প্রকৃত স্থান নির্ধারণ ও দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।










