ঢাকার সাভার উপজেলা-এর ভাকুর্তা ইউনিয়নের তুলাতুলি এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের অভিযোগ হামলাকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভালো সখ্যতা ছিল। তারা স্বৈরাচার আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কাজে জড়িত ছিল।
অভিযোগে ভুক্তভোগী মো. ফাহিম হোসেন জানান, একই এলাকার রোজিনা বেগম (মহিলা মেম্বার), রিপন মিয়া, মারুফ হোসেন, ইমরান ও শাহিদা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। বিশেষ করে রিপন মিয়া ও মারুফ হোসেন তাদের বসতবাড়িতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে হুমকি-ধামকি দিতে থাকে।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) অভিযুক্তরা আরও ৫-৭ জন অজ্ঞাতনামা সহযোগীকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ ফাহিম হোসেনের “ভাই-ভাই স্টোর” নামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে গালিগালাজ করে। একপর্যায়ে রিপন মিয়া ও মারুফ হোসেন তাকে দোকান থেকে টেনে বের করে এনে মারধর করে আহত করে।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অভিযুক্তরা অস্ত্রসহ অবস্থান করায় কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আরও জানান, হামলার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং চোলাই মদের বিষয়টি প্রকাশ করলে হত্যা করা হবে বলে ভয় দেখায়। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় জনপ্রতিনিধি রোজিনা বেগম তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেন।
পরে স্থানীয়দের সহায়তায় চিকিৎসা নিয়ে পরিবারের পরামর্শে সাভার মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।










