দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সড়কে ঝাড়ু দেওয়া এবং পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।
ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান, সহ-সভাপতি আবদুল গফুর, সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় ডা. সালাউদ্দিন বাবু বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। এর মধ্যে সাভারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অন্যতম।”










