রাজধানীর মিরপুর থেকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির আল আহসান বুধবার বিকেলে কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, লিটন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীর ছেলে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমণ্ডি থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লিটনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতে হাজির না হয়ে আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে লিটনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভারে তার বিরুদ্ধে অন্তত ১০টি হত্যা মামলা হয়েছে। এসব মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, লিটন সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে দায়ের হওয়া ১০টি হত্যা মামলার আসামি। তিনি রাজধানীর ধানমণ্ডি থানার মামলায়ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।







