সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় রানা হোটেল নামের একটি খাবারের দোকানের টিনের চালা ভেদ করে একটি গ্যাস সিলিন্ডার পড়ে আছে। গতকাল রোববার রাতে জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণের পর সিলিন্ডারটি উড়ে এসে সেখানে পড়ে বলে জানিয়েছেন দোকানটির মালিক।
আজ সোমবার বেলা দুইটার দিকে সিলিন্ডারটি দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। সিলিন্ডারটির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে, ‘অ্যাপ্রোভড পিআরডি সিএনজি অনলি ডু নট ইউজ আফটার ২০২১’। অর্থাৎ সিলিন্ডারটি ২০২১ সালের পর ব্যবহার না করার নির্দেশনা রয়েছে।
রানা হোটেলের মালিক মো. হালিম বলেন, ‘বিকট একটা শব্দ হইলো। এরপর দেখি ধোঁয়া। দুই চোখে কিছু দেখার মতো অবস্থা নাই। একটা সিলিন্ডার আমার পোলার (ছেলের) মাথায় এসে লাগল। পোলায় দৌড় দিয়া পইরা যায়। কিছুক্ষণ পর দেহি খালি আগুন আর আগুন। পাশের দোকানে আরেকটা সিলিন্ডার পড়ছে।’
হালিম জানান, আহত ছেলেকে রাতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাথায় আঘাতের অবস্থা জানতে চিকিৎসক সিটিস্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন।
দুপুরে ঘটনাস্থলে যান আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। প্রত্যক্ষদর্শীরা তাঁকে সিলিন্ডারটি দেখান।
মহিবুল্লাহ বলেন, ‘একটি সিলিন্ডার আমাকে কয়েকজন দেখিয়েছেন। সিলিন্ডারের গায়ে লেখা তথ্য অনুসারে সিলিন্ডারটির নাকি মেয়াদ শেষ হওয়ার কথা বলা হয়েছে। সেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলতে পারবেন।’
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল কি না, সেটিসহ তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
গতকাল রোববার রাতে প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। এতে সাতজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হন।









