| | |

প্রীতি গ্রুপে বিস্ফোরণ: মালিকপক্ষকে বাদ দিয়ে হত্যা মামলা

নাজমুল হুদা

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহতের ঘটনায় অবহেলাজনিত হত্যার মামলা হয়েছে। তবে মামলায় প্রীতি গ্রুপের মালিকপক্ষের কাউকে আসামি করা হয়নি। কারখানার জিএম, এজিএম, ম্যানেজার, প্রকৌশলী ও হেলপারসহ ছয় কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ায় প্রীতি গার্মেন্টস ফ্যাক্টরির এলপিজি প্ল্যান্ট এলাকায় বিপজ্জনক ও অরক্ষিত অবস্থায় রাখা একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের সময় সিলিন্ডার ছিটকে কারখানার ভেতর ও আশপাশে পড়ে। এতে দগ্ধ ও সিলিন্ডারের আঘাতে সাতজন নিহত এবং অন্তত ৪০ শ্রমিক ও পথচারী আহত হন।

মামলায় আসামি করা হয়েছে কারখানার জিএম মো. সোহেল রানা, এজিএম মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন, প্রকৌশলী মো. রাজীব হোসেন, হেলপার মো. আল আমীন ও মো. এনামুলকে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

তবে মামলায় মালিকপক্ষের কাউকে আসামি না করায় প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রীতি গ্রুপের সিইও রাজীব আহমেদ তালুকদার (পিয়াল) প্রতিষ্ঠানের মালিক পরিবারের সদস্য। তার মা পারভীন তালুকদার প্রতিষ্ঠানটির পরিচালক। প্রীতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন রেজিন আহমেদ তালুকদার।

রাজীব আহমেদ তালুকদার কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পারভীন তালুকদার বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

মামলা দায়েরের আগে প্রীতি গার্মেন্টসের ব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন বলেন, আহত ও নিহতদের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। রাজীব আহমেদ সিইও পদে থাকলেও গত চার-পাঁচ বছর ধরে তিনি নিয়মিত প্রকল্পে আসেন না। প্রকল্পের কার্যক্রম মূলত এমডি রেজিন আহমেদ তালুকদার দেখভাল করেন।

তিনি আরও বলেন, কারখানার পরিচালনা ও দায়িত্ব বণ্টন প্রকল্পভিত্তিক আলাদা। সিলিন্ডার রিফিল ও সরবরাহের দায়িত্ব তৃতীয় পক্ষের ঠিকাদারি প্রতিষ্ঠানের। কারখানায় নিজস্বভাবে সিলিন্ডার তৈরির কোনো ব্যবস্থা নেই।

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় ৯২ নম্বর মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে যাদের দায়িত্বে অবহেলার তথ্য পাওয়া গেছে, এজাহারে তাদের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকেও আসামি করা হয়েছে।

তিনি বলেন, তদন্তে যাদের গাফিলতি বা অনিয়মের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। মালিকপক্ষের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ