মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭

লকডাউন

ঢাকার বাইরে আগুন–অবরোধ, বাস–ট্রেন চলাচলে বিঘ্ন

ডেস্ক রিপোর্ট

ছবি :সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় নাশকতা, অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকার বাইরে ১১টি জেলা থেকে এমন খবর পাওয়া গেছে। এর মধ্যে ৭টি জেলায় বাস, ট্রাক, পিকআপভ্যান, রেলপথ ও স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে।
বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। এতে চারটি জেলায় যোগাযোগ ব্যাহত হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তিনটি জেলায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। শরীয়তপুর ও কুড়িগ্রামে নাশকতার অভিযোগে ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুর

ফরিদপুরের ভাঙা থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার সড়কের পাঁচটি স্থানে সকাল ৬টা থেকে আওয়ামী লীগ নেতা–কর্মীরা সড়ক অবরোধ করেন। তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে। চার ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল আংশিক স্বাভাবিক হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল জানান, তিনজনকে আটক করা হয়েছে।

ফরিদপুর

ভাঙ্গার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ

বুধবার রাতে শহরের গণপূর্ত ভবনের সামনে রাখা একটি পিকআপ ভ্যানে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়। একই রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়। রাত তিনটার পর ফায়ার সার্ভিস কর্মীরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ব্রাহ্মণবাড়িয়া

রাত পৌনে দুইটার দিকে রেললাইনে আগুন দেওয়া হয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন অর্ধঘণ্টা আটকা পড়ে। পরে আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জ

বাসস্ট্যান্ড এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলে টহল জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম

লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মী।

নড়াইল

লোহাগড়া উপজেলায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

বরগুনা

রাত একটার দিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। এছাড়া সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে ছাত্রলীগের নেতা–কর্মীরা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মাদারীপুর

শিবচরের দত্তপাড়া ও সীমানা এলাকায় গাছ ফেলে এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করা হয়। স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের হস্তক্ষেপে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ফেনী

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031