জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন।
মামলায় সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি মো. শাহজামানসহ পুলিশ ও আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ শাইখ আসহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
নিহত শাইখ আসহাবুল ইয়ামিন রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।









