ঢাকার অদূরে সাভারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৮ জুলাই) কৃষিপণ্য সংরক্ষণে ব্যবহৃত আধুনিক এই প্রযুক্তি ও এর কার্যক্রম পরিদর্শন করে প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা। তারা মনে করেন, কৃষক পর্যায়ে স্বল্প পরিসরের আধুনিক সংরক্ষণব্যবস্থা কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনায়ও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রতিনিধিদলে ছিলেন ইউএসডিএর দক্ষিণ এশিয়ার অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইনস্পেকশন সার্ভিসেসের পরিচালক ড. ক্যাথরিন ফিডলার, ঢাকায় মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট এবং ইউএসডিএর এগ্রিকালচারাল স্পেশালিস্ট মো. তানভির আহমেদ।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিদের জানান, এখানে সংরক্ষিত অধিকাংশ ফল ও সবজি এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সতেজ রাখা সম্ভব। সংরক্ষণের পরও পণ্যের রং, সতেজতা ও গুণগত মান প্রায় অপরিবর্তিত দেখে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে।
এ সময় প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর প্রতিনিধিদলকে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি, সংরক্ষণ সক্ষমতা এবং কৃষকদের জন্য এর সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কৃষকের উৎপাদিত ফল ও সবজি দ্রুত নষ্ট হওয়ার কারণে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য অপচয় হয়। মিনি কোল্ডস্টোরেজ সেই অপচয় কমিয়ে কৃষককে সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ তৈরি করছে।
প্রকল্প পরিচালক বলেন, সংরক্ষণ প্রযুক্তি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃষকের চাহিদা অনুযায়ী পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিনিধি দল। তারা এ ধরনের প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নিজেদের আগ্রহের কথা জানান। তারা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে কাজ করতে চায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের অর্থায়ন করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ১৪৭টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে।









