ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে মহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিন মিয়া ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, ভোরে মহিন মিয়া ছেলের কক্ষে মোবাইল চার্জার খুঁজতে যান। চার্জার না পেয়ে তিনি স্ত্রী ও ছেলেকে বকাঝকা করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ছেলে জিসান বাবাকে ঠেকানোর সময় তার অণ্ডকোষে জোরে আঘাত করলে মহিন মিয়া অচেতন হয়ে পড়েন।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত ছেলে জিসানকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









