ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আখতার উল আলম (৪৫)। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায়। কর্মসূত্রে তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আখতার উল আলম উপজেলা আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আখতার উল আলম ও মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আখতার উল আলমকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল আরোহীকে ঢাকা পুঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সড়কে মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন। দুপুর পর্যন্ত নিহতের স্বজনরা কোনো অভিযোগ দায়ের করেননি।










