ঢাকার সাভারে রিকশা চুরির সন্দেহে গণপিটুনিতে মানসিক প্রতিবন্ধী যুবক আবুল খায়ের পাটোয়ারী (২৭) নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজনকে একদিনের রিমান্ডে নিয়েছে আদালত। হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
রিমান্ডে নেওয়া তিনজন হলেন রিকশা গ্যারেজ মালিক নুরুজ্জামান এবং অটোরিকশাচালক শুভ ও আলমগীর।
পুলিশ জানায়, তিন আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে সাভার পৌর এলাকার উলাইল কুতঘর এলাকায় রিকশা চুরির সন্দেহে স্থানীয় কয়েকজন আবুল খায়ের পাটোয়ারীকে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল খায়ের চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন। গত ১৮ জুলাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সাভারে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং এতে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।









