ঢাকার সাভারে গ্যাস লাইনের লিকেজ থেকে কক্ষে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় এক পোশাকশ্রমিক দম্পতি গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকার মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. কায়সার (২৮) ও তার স্ত্রী রুবি আক্তার (২৪)। কায়সার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন মাতবরপাড়ার বাসিন্দা এবং মো. সিমান শেখের ছেলে। দুজনেই পোশাকশ্রমিক।
আহতদের স্বজন সিমান শেখ জানান, রাতে মশার কয়েল জ্বালানোর জন্য লাইটার জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন কায়সার ও রুবি।
তিনি অভিযোগ করেন, ঘরের পাশ দিয়ে যাওয়া মূল গ্যাস লাইনে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানানো হলেও তা মেরামত করা হয়নি। এর ফলে কক্ষে গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে।
পরে দগ্ধ দুজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, কায়সারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবি আক্তারের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।









