| | |

বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নাজমুল হুদা

রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে দীপ মজুমদার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে রিভার পুলিশ।

রোববার (১৪ জুন) মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার পারিবারিক মনোমালিন্যের পর তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন তার মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে রিভার পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের সঙ্গে পাওয়া একটি পরিচয়পত্রের সূত্র ধরে প্রাথমিকভাবে তাকে দীপ মজুমদার হিসেবে শনাক্ত করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পরিচয় নিশ্চিত করতে শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখনই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।”

রিভার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “নদীতে একটি মরদেহ ভাসছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

তিনি আরও জানান, নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দীপ মজুমদারের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী ও বন্ধুরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted