ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
ধামরাই থানা-পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবর রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় ভুট্টা মিলের পাশে সুয়াপুর থেকে খড়ারচর সড়কের এক পাশে নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। রাত পৌনে ১২টার দিকে স্থানীয় লোকজন বাসের ভেতরে আগুন দেখতে পান। বিষয়টি তাঁরা ধামরাই থানা-পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসকে জানান। পাশাপাশি তাঁরা নিজেও পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মকর্তারা বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
এলাকাবাসী জানায়, চালক বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে রেখে বাসায় গিয়েছিলেন। তখন দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করে।
ধামরাই থানার উপপরিদর্শক পরিমল সূত্রধর বলেন, রাত পৌনে ১২টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দ্রুতই আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের ভেতরের সব আসন ও জানালা পুড়ে গেছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।










