ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-এর প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির নেতৃত্বে সিআরপি’র মূল ফটক থেকে প্রচারণা শুরু হয়।
প্রচারণায় অংশ নেওয়া প্রতিবন্ধীরা হুইলচেয়ারে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি সাভার পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে রেডিও কলোনীর সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ওবায়দুর রহমান অভি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। তিনি আশা প্রকাশ করেন, সাভারের সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করবে।
তিনি আরও বলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে তা হবে জনবান্ধব এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।










