সাভারের রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাভার জেলা পরিষদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ছেলেদের জন্য ফুটবল এবং মেয়েদের জন্য রশি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন মাদবর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছের চারা রোপণ এবং সেগুলোর পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করে।









