| | |

সাভারে ‘জঙ্গি হামলা- বিস্ফোরণের’ গুজব

নাজমুল হুদা

সামাজিক যোগাযোগমাধ্যমে সাভারে জঙ্গি হামলা ও বিস্ফোরণের দাবি করে একটি ভিডিও ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, সাভারে কোনো জঙ্গি হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্য শতভাগ মিথ্যা এবং জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতেই এটি প্রচার করা হয়েছে। বর্তমানে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত গত ১১ জুন খুলনা সিটি হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ডের ফুটেজ। সেটিকে বিকৃত তথ্য দিয়ে সাভারের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সোমবার রাতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডি এবং একাধিক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে গুজব ছড়ানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়।

সাভার পৌর এলাকার বাসিন্দা এমদাদ বলেন, রাতে বিদেশে থাকা আত্মীয়-স্বজন ফোন করে আমাদের খোঁজখবর নিতে থাকেন। পরে নিশ্চিত হই, প্রচারিত ঘটনাটি সম্পূর্ণ ভুয়া।

স্থানীয় বাসিন্দা সালাম, হাবিব ও ময়নাল বলেন, সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট ও ভিডিও দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে নিশ্চিত হই, সাভারে এমন কোনো ঘটনা ঘটেনি। পুরোনো একটি ভিডিও ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর বলেন, সোমবার রাতে সাভারে কোনো অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ