| | |

সাভারে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, লুটের দাবি ব্যবসায়ীদের

নাজমুল হুদা

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার ব্যস্ততম থানা রোডের কয়েকটি খাবারের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (তারিখ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানা রোডের ফুড ল্যাব, চিকেন ফুড ও জুস ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাভার পৌর ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হিমেলের দেহরক্ষী হিসেবে পরিচিত কলেজ ছাত্রদল নেতা রাব্বির নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ফুড ল্যাবে হামলা চালায়। এ সময় দোকানে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। পরে পাশের চিকেন ফুডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

ব্যবসায়ীদের দাবি, হামলায় তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পুরো থানা রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হুমায়ুন আহমেদসহ সংগঠনের নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করলে সংসদ সদস্য ন্যায়বিচারের আশ্বাস দেন।

ভাঙচুরের শিকার ব্যবসায়ী বাপ্পি বলেন, “অনেক কষ্ট করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। কোনো ধরনের অপরাধ না করেও আমার প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হিমেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “অপরাধ করলে কেউ ছাড় পাবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ