ঢাকার সাভারের আশুলিয়ায় একটি দোকানের সামনে থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (৩১ জুলাই) ভোরে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার হৃদয় চাকমার দোকানের সামনে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে ব্যাগটি খুলে তারা ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং ঢাকা মহানগর পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি হাতে তৈরি (হ্যান্ডমেড) বোমা বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কী ধরনের বিস্ফোরক এবং কারা সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।









