লক্ষ্মীপুরে এক আইনজীবীর বিরুদ্ধে ‘তুই ফ্যাসিস্ট’ বলে এক বিএনপি কর্মীকে মারধর ও তার মোটরসাইকেল এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বিএনপি কর্মী মো. শরীফ (নাম অভিযোগ অনুযায়ী) লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত শরীফকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়, মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে আইনজীবী আনিসুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। এ সময় ‘তুই ফ্যাসিস্ট’ বলে গালিগালাজ করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে দাবি করেন শরীফ।
শরীফের অভিযোগ, অভিযুক্ত আনিসুল ইসলামের সঙ্গে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিষয়ে জেলা আদালতে একটি মামলা বিচারাধীন। এর আগেও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী আনিসুল ইসলাম। তিনি বলেন, শরীফের সঙ্গে তার দেখা হলেও মারধরের কোনো ঘটনা ঘটেনি। তার দাবি, “শরীফ মাদকাসক্ত। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা এবং বিএনপির একজন সক্রিয় কর্মী। অভিযুক্ত আনিসুল ইসলাম লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং একই এলাকার বাসিন্দা।
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগের বিষয়টি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, একজনকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









