রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহী ডেইজিকে অবশেষে খাঁচায় ঢোকানো হয়েছে। খাঁচা থেকে বের হওয়ার দুই ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে খাঁচায় নেওয়া হয় সিংহীটিকে। এছাড়া সিংহীটি কীভাবে খাঁচা থেকে বের হয়েছে তা জানতে তদন্ত কমিটিও গঠন করা হবে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার শুক্রবার (৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এটা আসলে তদন্ত না করে বলাটা কঠিন। মূলত আমরা কীভাবে ওকে রেসকিউ করবো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। ও যেখানে ছিল সেখানে আমরা কেউ ঢুকতে পারছিলাম না। এখন মূল বিষয় হচ্ছে ওর গেট খোলা ছিল কিনা… আমরা ডেফিনেটলি ধারণা করছি ও গেট দিয়েই বের হয়েছে। কারণ এই খাঁচাটা অনেক প্রোটেক্টেড (সুরক্ষিত) খাঁচা। গেটটা কেন খোলা থাকলো এবং কীভাবে খোলা থাকলো এই বিষয়টা আমাদের বের করতে হবে।’
ড. রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘না, আমাদের কর্মী বা দর্শনার্থী কেউ আহত হয়নি। আমরা চাইলে আরও আগেই সিংহটিকে রেসকিউ করতে পারতাম। কিন্তু সবার সেইফটি চিন্তা করে তাড়াহুড়া করা হয়নি। আমরা সময় নিয়েছি।’
এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে সিংহীটি খাঁচা থেকে বের হয়ে যায়।










