আশুলিয়ার কালিয়াকৈর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় মো. খালিদ হোসেন (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি পুলিশের ফুটবল খেলোয়াড় ছিলেন। এ ঘটনায় রবিউল ইসলাম (২১) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ হোসেন মানিকগঞ্জ থেকে নিজের মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুরে ফিরছিলেন। পথে কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সামনে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খেয়ে ট্রাকটির নিচে ঢুকে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালিদ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রবিউল ইসলামকে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত খালিদ হোসেন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা পুলিশের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন এবং মানিকগঞ্জ জেলার হয়ে খেলতেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। তবে দুর্ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় আইনগত প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা আশুলিয়া থানা পুলিশ সম্পন্ন করেছে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খালিদ হোসেন একজন ফুটবলার ছিলেন। তিনি গাজীপুর সদর থানায় কর্মরত ছিলেন। বাড়ি যাওয়ার সময় নিজের মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় তিনি নিহত হন।
ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে খালিদ হোসেনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।









