কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধেরে জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানার এরশাদুল হক (৪২), খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) ও আলতাফ হোসেন (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় চাচাতো ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এর জেরে রোববার সকালে আলতাফ ও আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এরশাদুল ও কুলছুম বেগম নিহত হয়। আহত অবস্থায় আলতাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘জমির বিরোধে সংঘর্ষে ৩ জন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে।’










