রাজশাহীতে বিএনপির মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের সময় সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তি শহিদুল ইসলাম, যিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের ঘনিষ্ঠ সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অস্থিরের সমর্থকরা বিকেলে চৌদ্দপাই এলাকায় বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন ধরানোর সময় হঠাৎ আগুনের শিখা শহিদুল ইসলামের শরীরে লেগে যায়। তিনি শরীরে আগুন নিয়ে দৌড়াতে থাকেন। পরে সহকর্মীরা দ্রুত তার জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দগ্ধ শহিদুল ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে মনোনয়নবঞ্চিত নাসির হোসেন অস্থিরের সমর্থকরা এ বিক্ষোভ আয়োজন করেন।
এ বিষয়ে নাসির হোসেন অস্থির বলেন, ‘আমি এই আসনে দীর্ঘদিন ধরে মনোনয়নের জন্য কাজ করেছি। দল মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভের সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’










