মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭

তল্লাশিচৌকিতে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে আটক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাত্রিকালীন তল্লাশিচৌকিতে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়া (৪৩) হালুয়াঘাট থানায় কর্মরত।

পুলিশ জানায়, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে মো. লিয়ন (২৮) ওই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। পরে শুক্রবার বেলা একটার দিকে হালুয়াঘাট মধ্যবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা রুহুল আমিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চোরাচালান প্রতিরোধে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায় একটি তল্লাশিচৌকি বসানো হয়। একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিন সদস্যের একটি পুলিশ দল সেখানে দায়িত্ব পালন করছিল। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে মোটরসাইকেলে থাকা দুই যুবকের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়।

পুলিশের দাবি, মোটরসাইকেল থামানো নিয়ে ক্ষুব্ধ হয়ে মো. লিয়ন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। বিষয়টি জানাতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের পাশেই লিয়নের বাড়িতে যান এবং তার বাবার সঙ্গে কথা বলেন। সেখান থেকে ফেরার পথে ইজাউল হক ভূঁইয়ার পিঠে দা দিয়ে কোপ দেন লিয়ন।

গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনার পর পালিয়ে যাওয়া লিয়নের মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031