| | |

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাজমুল হুদা

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, রবিবার বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে রুবেলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। গ্রেপ্তারকৃত রুবেল কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে। এই ঘটনায় রবিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বড় কুশিয়ারা এলাকার একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় রুবেল চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে গ্যারেজের ভেতরের একটি টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে এক প্রতিবেশী নারী শিশুটির পরিবার ও স্থানীয় লোকজনকে জানান।

খবর পেয়ে শিশুটির পরিবার ও আশেপাশের লোকজন দ্রুত গিয়ে টয়লেটের দরজা খুলতে বলে। কিন্তু রুবেল ভেতর থেকে দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে রাখে। একপর্যায়ে উপস্থিত জনতা টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দিতে বাধ্য হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রুবেলকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন জানান, “কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকার একটি অটো গ্যারেজে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন এবং আজ সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted