ময়মনসিংহের গৌরীপুরে গরু চুরি করে প্রাইভেট কারে তুলে নেওয়ার সময় মালিকের ধাওয়ায় পালিয়েছে চোরের দল। এ সময় জনতা চালককে আটক করে পুলিশে তুলে দেয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের স্বল্প পানহাটি গ্রামের লাউয়ের মোড়ে এ ঘটনা ঘটে।
পুালিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গৌরীপুর উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল হকের প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু গোয়ালঘর থেকে চুরি হয়ে যায়।
এ খবর পেয়ে মালিক হক তাঁর পরিবারের লোকজন নিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারেন পানহাটি লাউয়ের মোড় একটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়েছে। কাছে গিয়ে দেখতে পান পুরনো প্রাইভেট কারের বসার সিটের জায়গায় চার পা বাধা অবস্থায় তার গরুটি রয়েছে। এ সময় দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে কারের ভেতরে থাকা চালককে আটক করে মারধর করা হয়।
এ সময় চালক স্বীকার করে পালিয়ে যাওয়া দুজন গরু চুরির সঙ্গে জড়িত। তার প্রাইভেট কার ভাড়া করে এনেছে।
চালক স্থানীয় ডৌহাখলা গ্রামের আজিজুল হকের ছেলে মজিবুল হক মাসুদ (৫২)। পালিয়ে যাওয়া অপর দুজন হলেন স্থানীয় গৌরীপুরের মরিচালি গ্রামের জালাল উদ্দিনের ছেলে শহিদ মিয়া (৬০) ও ঈশ্বরগঞ্জের ভাবানিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল (৩৫)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, রাতের কোনো এক সময় আশপাশের এলাকা থেকে গরুটি চুরি করে গাড়িতে তুলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। পরে চোর পালিয়ে গেলেও চালককে আটক করে লোকজন। গরু ও গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনার তিনজনের নামে মামলা হয়েছে।










