| | |

বগুড়ায় জাপা কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়া জেলা জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। এ সময় তারা জাপা নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয়।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়ের সামনে খালেদা জিয়ার শোক সম্বলিত এবং গণভোট নিয়ে দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে এসব ব্যানার ঝোলানো হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি মনিরুজ্জামান।

সকালে একদল লোক বিক্ষোভ করে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে খালেদা জিয়ার শোক সম্বলিত একটি ব্যানার খুলে ফেলেন। পরে তারা কার্যালয়ের ভিতরে ও বাইরে জুলাই যোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার ঝুলিয়ে দেন।

একটি ব্যানারে লেখা ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। এ ছাড়া লেখা আছে, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’

বাইরের ব্যানারটিতে ২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানারে ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা হয়েছে।

নুর মোহাম্মদ জুবায়ের নামে এনসিপির এক নেতা বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি তারপরও এই দল বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারে না।’

এ বিষয়ে জানতে এনসিপির জেলা সংগঠক আহাম্মেদ সাব্বিরের মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোন ধরেননি।

এ ছাড়া বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরকে একাধিক বার মোবাইল করা হলে তিনিও ফোন ধরেননি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted