সাভারে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তমিজ উদ্দিন
আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরাও তাকে প্রার্থী হিসেবে দেখতে চান বলে দাবি করেছেন তার সমর্থকরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কালবেলার সঙ্গে আলাপকালে তমিজ উদ্দিন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সরকারবিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তিনি নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও রাজপথে ছিলেন। এখন সাভারের পরীক্ষিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে চান।
সাভারের উন্নয়ন প্রসঙ্গে তমিজ উদ্দিন বলেন, ব্যক্তি স্বার্থের পরিবর্তে মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশাকে সামনে রেখে নিরাপদ ও সমৃদ্ধ সাভার গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার।
তার সমর্থকদের দাবি, দীর্ঘদিন বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তমিজ উদ্দিনের যোগাযোগ রয়েছে। এরই মধ্যে স্থানীয় পর্যায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে প্রচার চালানো হচ্ছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সঙ্গে কাজ করছেন। আন্দোলন-সংগ্রামেও তার ভূমিকা রয়েছে। তাই আগামী উপজেলা নির্বাচনে তাকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা তৈরি হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর তমিজ উদ্দিনের পক্ষ থেকে সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটিতে তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়। ২০২৬ সালের জুনে সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণায়ও তাদের স্বাক্ষর ছিল।









