রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে সাভারে অভিযান চালিয়ে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় প্রকল্পটির সাইট অফিস, ড্রেজারের পাইপ ও সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি আবাসন প্রকল্পে এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।
রাজউক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প পরিচালনা এবং বিজ্ঞাপনের মাধ্যমে প্লট বিক্রির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রকল্পটির বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলের নেতৃত্বে প্রকল্পটি পরিচালিত হচ্ছিল। প্রকল্পের আওতায় স্থানীয়দের জমি দখল ও অন্যের জমিতে সাইনবোর্ড স্থাপনেরও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সাইফুদ্দিন সাইফুলের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযান শেষে রাজউকের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদন ছাড়া পুনরায় আবাসন কার্যক্রম পরিচালনা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা করে প্লট বিক্রির সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রাজউকের উপনগর পরিকল্পনাবিদ-২ নবায়ন খীসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।









