| | |

বনশ্রীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রীতে এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার লিলি (১৭) দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার পরিবারসহ দক্ষিণ বনশ্রীর ওই বাসায় বসবাস করত। দুই দিন আগে তার মা–বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। সে সময় ঢাকায় ফাতেমা ও তার বোন ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ঘরের ভেতরে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted