বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জিলহজ, ১৪৪৭

মিয়ানমারের জলসীমায় প্রবেশ, ১২২ জেলে আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এর মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে দেশটির অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্ট বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলাকালীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় ১৯টি ফিশিং বোটে থাকা জেলেদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটের মিয়ানমার অভ্যন্তরে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের আটক করছে।

আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন উল্লেখ করে তিনি আরও জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031