নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লার থেকে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের নাম কামরুন নাহার ইতি (৩৮)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করতো। গত ২৮ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুরে পার্লারটির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশে লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পচে যাওয়ায় সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।










