| | |

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৮

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), হাবিবুর রহমান (৫০), মনসুর (৪০), নাছির উদ্দিন (৩৮), খোকন (৪০) ও রানা (২৭)। নিহত অপর শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, দুর্ঘটনাস্থলে আরও দুজনের মরদেহ রয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় যে জাহাজটি কাটা হচ্ছিল, সেটি এলএনজি বহন করত। এ ধরনের জাহাজ কাটার আগে সম্পূর্ণ গ্যাসমুক্ত করার নিয়ম রয়েছে। তবে জাহাজটির ট্যাংক গ্যাসমুক্ত না করেই কাটার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস থাকতে পারে। দুর্ঘটনাস্থলে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থাও পর্যাপ্ত ছিল না বলে তিনি জানান।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত আটজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ