| | |

সাভারে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু

নাজমুল হুদা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা এবং পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। তিনি উপজেলার বর্তমান মৎস্য উৎপাদনের চিত্র তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করায় সাভারে মাছ উৎপাদনে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপজেলার সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে সাভার মডেল থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পর্যায়ক্রমে বিনামূল্যে মৎস্যচাষ বিষয়ক পরামর্শ, চাষিদের প্রশিক্ষণ, মৎস্যজীবীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted