| | |

ঢাকার সাভার

খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারে নেমেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার পৌরসভার কর্ণপাড়া খালসহ উপজেলার বিভিন্ন খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের অবৈধ দখল, দূষণ ও অপরিকল্পিত নির্মাণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে আসায় বর্ষাকালে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট বাড়ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের উলাইল কর্ণপাড়া খাল এলাকায় সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। এসময় তাঁর সঙ্গে ছিলেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া সার্কেলের সরকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে ইউএনও আবু বকর সরকার বলেন, “খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি আমাদের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ দখল ও দূষণের কারণে খালের প্রবাহ নষ্ট হচ্ছে। প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ—সবার সহযোগিতায় খালকে দখলমুক্ত করে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনব।”

তিনি আরও জানান, খাল দখলমুক্ত হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষি, মাছ চাষ, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশ টিকিয়ে রাখা সম্ভব হবে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউএনও আবু বকর সরকারের নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপ শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করবে। তাঁদের দাবি, দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে সাভার আবারও সবুজ ও টেকসই পরিবেশ ফিরে পাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ