| | |

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে দুই জেলে আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত চারটার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বরগুনার পাথরঘাটার এফবি জাহিদ ট্রলারের জেলে নুর আলম খান ও শাহজাহান মিয়া। তারা জাল টানার সময় গুলিবিদ্ধ হন।

ট্রলারের মাঝি ফারুক জানান, ভোররাতে জাল তোলার সময় হঠাৎ একটি ট্রলার তাদের কাছে এসে কোনো কথা না বলেই গুলি ছোড়ে। আকস্মিক হামলায় জেলেরা দিগ্বিদিক ছুটে পালানোর চেষ্টা করেন। এ সময় নুর আলম ও শাহজাহান গুলিবিদ্ধ হন।

আহতদের প্রথমে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন জলদস্যু বাহিনী হামলার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted