| | |

চামড়া শিল্পনগরী

সাভারে অবৈধ বাইপাস লাইনে গ্যাস চুরি

নাজমুল হুদা

ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে অবৈধ বাইপাস লাইন স্থাপন করে গ্যাস চুরির অভিযোগে একটি ট্যানারি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক ভিজিল্যান্স টিম।

সোমবার সকাল ১০টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৈধ শিল্প সংযোগের আড়ালে অবৈধ বাইপাস লাইন ব্যবহার করে কোটি টাকার গ্যাস চুরি করে আসছিল সাভার চামড়া শিল্পনগরীর ‘হাইটেক ট্যানারি’ নামের প্রতিষ্ঠানটি। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযানে গিয়ে প্রস্তাবিত নতুন বৈধ শিল্প সংযোগের আড়ালে স্থাপিত অবৈধ গ্যাস লাইনটি শনাক্ত করা হয়।

ভিজিল্যান্স টিম জানায়, ভূগর্ভস্থ আরসিসি ঢালাইয়ের নিচ থেকে বিভিন্ন আকারের জিআই ও এমএস পাইপের মাধ্যমে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। বৈধ লাইনের আড়ালে রাইজারের গোড়া থেকে প্রায় চার ফুট গভীরে এ সংযোগ স্থাপন করা হয়েছিল।

তিতাসের ভিজিল্যান্স শাখার সহযোগী প্রকৌশলী আহসান হাবিব বলেন, প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযানে অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই গ্যাস ব্যবহার করে কারখানাটিতে বয়লার, বিভিন্ন ড্রায়ার এবং লেদার স্প্রে প্রিন্টিং মেশিন পরিচালনা করা হতো। তার দাবি, অবৈধ এ সংযোগের মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ১৫ লাখ টাকার গ্যাস চুরি করা হচ্ছিল।

অভিযান চলাকালে যোগাযোগ করা হলে কারখানার স্বত্বাধিকারী মুজাফফর হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিয়ম অনুযায়ী গ্যাস ব্যবহারের বিল ও জরিমানাও নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ এবং সিস্টেম লস কাঙ্ক্ষিত পর্যায়ে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted