ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সাদাপুর এলাকার মৃত এসহাক মিয়ার ছেলে মো. আব্দুল বাতেন (৪২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে সাদাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি দোতলা ভবনের ছাদ থেকে একটি গাছ বেয়ে পালানোর চেষ্টা করেন। পরে নিচে নামার সময় পা পিছলে আহত হন।
আহত অবস্থায় তাকে পুলিশি হেফাজতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমরান হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলার আসামি আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর সময় তিনি আহত হন। বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আব্দুল বাতেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।









