শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দেশের মানুষের জীবনমান পরিবর্তনে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সাভার থানা রোডে সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে সালাউদ্দিন বাবু ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালার উদ্বোধন করেন তিনি।
কর্মশালায় নারীদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।









